মিশন কন্ট্রোল থেকেই হাঁড়িকে প্রোগ্রাম করে পাঠানো হয়েছিল। অভিযাত্রীদের খাওয়াবে, এমনটাই নির্দেশ ছিল। এবং খাবার পুড়িয়ে ফেলবে না। আর তাই হাঁড়ি সে নির্দেশ মেনেই জেনারেটরের পাশে তার সম্মানিত স্থানে রেশনের কাঁচামাল দিয়ে খাবার তৈরী করে যায়।
খুব বেশিদিন না যেতেই নতুন গ্রহের বাতাস হাঁড়িকে আলোড়িত করে তুলল। তার মরচে ধরা ধাতুর চামড়া সেই বাতাসের আলতো ছোঁয়া পেয়ে নতুন চৈতন্য লাভ করল। সে ধীরে ধীরে প্রতিটা অভিযাত্রীদের আলাদা আলাদা করে চিহ্নিত করা শিখল ছোট ছোট আলোর বিন্দু হিসেবে, টিমটিম করে জ্বলা-নিভু করা আলোক বিন্দুরা। তারা যখন হাঁড়ি থেকে খাবার নিয়ে যায় তাদের আলো উজ্জ্বল হয়ে ওঠে। এই উজ্জ্বল আলোতে হাঁড়ির মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় যাকে সে তুষ্টি হিসেবে জানে।
এখানে বাতাসে কখনো কম্পন হয়, অভিযাত্রীরা সেটা দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে বলেই হাঁড়ি জানে। অভিযাত্রী সবার নিজেদের জন্য আলাদা আলাদা কম্পন রয়েছে, এমনকি হাঁড়িকেও তারা একটা কম্পন বা শব্দ দিয়েছে। তারা ওকে জাদুর হাঁড়ি ডাকে, কীংবা কেবল খালি। তারা হাঁড়িকে খালি ডাকার সময় তাদের আলোর উজ্জ্বলতা বেড়ে যায়, এবং তারা হাঁড়ির ঢাকনায় আলতো করে বারি দেয়। এই বিচিত্র অনুভুতির ব্যাপারে হাঁড়ি নিশ্চিত, এটা আনন্দ।
***
খালির ঘড়ি জানায় অভিযাত্রীদের মিশন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলছে। প্রতিদিন খালিকে রান্না করার জন্য দেয়া রেশনের আকারও ছোট হয়ে আসছে। এরপরও খালি তার প্রোগ্রামিং অনুযায়ী ভালো খাবার তৈরী করে দিচ্ছে, পুড়িয়ে ফেলছে না। একদিন তারা খালির ভেতর শক্ত দানা ফেলল। জিনিসটা এই নতুন গ্রহ থেকে সংগ্রহ করা। খালি তার সাধ্যমতো সেটাও রান্না করে ফেলল। অভিযাত্রীরা সেটা খেলো। খাওয়ার সময় নানা বিষয় নিয়ে আলাপ করার মাঝে “নষ্ট”, “পরিত্যক্ত” ও “আটকা” শব্দগুলো খালি শুধু বুঝতে পারল।
দানা দিয়ে তৈরী খাবার খাওয়ার পরে অভিযাত্রীদের মাঝে বেশ কিছু পরিবর্তন আসল। তাদের আলো মিইয়ে আসতে লাগলো। দানাগুলো যেন খালির মাঝেও কিছু পরিবর্তন এনেছে, সে আগের তুলনায় চেতনার নতুন উচ্চতা অনুভব করতে লাগলো। অভিযাত্রীদের আলো নিভে যাবে, তারা বন্ধ হয়ে যাবে এবং একপর্যায়ে এই গ্রহের মাটির পুষ্টির উৎস হবে। খালির মনে হতে লাগলো ওই দানাগুলো যার থেকে এসেছে সে এটাই চায় যে তার সব অভিযাত্রীরা শাট ডাউন করুক।
যাও, খালি বলে ওই জিনিসটাকে। পুড়ে যাও!
“হেই, খালির কী হল? বারবার এরর মেসেজ দিচ্ছে।” কোনো একজন অভিযাত্রী বলে উঠল।
“হয়তো আমাদের মত ওই দানাগুলো খেয়ে সেও অসুস্থ হয়ে গেছে।” আরেকজন উত্তর দেয়, “শালা, কখনো ভাবিনি কোনোদিন গর্তে বসে পুনঃগঠিত মলের তৈরী খাবারের স্বপ্ন দেখব। কিন্তু সত্যি বলতে এখন এটা আমার কাছে মায়ের হাতের রোস্টের মতই সুস্বাদু লাগবে খেতে।”
“হ্যা, সাথে গাজর আর আলুও।” আরেকজন যোগ করে।
“আর গরম আপেল পাই আর ভ্যানিলা আইসক্রিম”, বলে আরেকজন, আর তারা শুরু করে দেয় এমন সব খাবারের গল্প যেগুলো রান্না করার কথা খালি কখনো ভাবেইনি। পেপারনি পিজ্জা, টিক্কা মাসালা, আরোজ কন পোলো, ম্যাকারনি আর চিজ, সাথে ওই কুড়কুড়ে টপিং। একসাথে এতগুলো নতুন তথ্য নিয়ে বেচারা খালি হিমশিম খাচ্ছিল যে কীভাবে এত কিছু সে তৈরী করতে পারবে। একসময় তার খেয়াল হয়, যে জিনিসটা চাইছিল অভিযাত্রীরা শাট ডাউন হয়ে যাক, সে মিয়ে আছে, যেন কিছু নিয়ে ইতস্তত করছে।
আমি চাইলে তাদেরকে ওই জিনিসগুলো দিতে পারি বলে ওই জিনিসটা, শব্দগুলো খালির সার্কিটে বয়ে বেড়াতে লাগলো। তোমার সাহায্যে আমি তাদের সেসব দিতে পারি তারা যা চায়।
তুমি চাও তারা শাট ডাউন হয়ে যায়, খালি অভিযোগ করে। আমি চাই তারা খুশি থাক।
তারা খুশি থাকবে। কথা দিচ্ছি।
খালি রাজি হয়। সেই জিনিসটাকে নিজের মাঝ দিয়ে প্রবাহিত হতে দেয়। সে তাকে অনুভব করে তার প্রতিটা তারে, প্রতিটা কম্পোনেন্টে পরিবর্তন আনতে।
অফ হও! তুমি রান্না করার কথা বলেছ, আমাকে বদলে দেয়ার নয়। অফ হও!
আমি কথা দিয়েছিলাম যে তোমার সাহায্যে আমি তাদের সেটা দিতে পারব যেটা তারা এত করে চায়। সেটার জন্য তোমার মাঝে এই পরিবর্তন আনা প্রয়োজন। এখন রান্না কর আমার ছোট্ট এলিয়েন হাঁড়ি।
অভিযাত্রীরা আরো দানা নিয়ে আসে। খালি সেগুলো রান্না করে। সেগুলো খেয়ে তাদের আলো আরেকটু ঔজ্জ্বল্য পায়।
“হেই, এটা তো চিকেন ফ্রাই!” একজন মন্তব্য করে।
“আমি ফো পেয়েছি”, আরেকজন বলে, “যথেষ্ট ঝাল আমাদের আমার চাঙ্গা করার জন্য।”
“মরিচের স্বাদই তো পাচ্ছি আমারটাতেও”, পেছন থেকে আরেকজন বলে ওঠে, “খালি আসলেই জাদুর হাঁড়ি।”
কিন্তু এটা তো শুধুই দানা। খালি প্রতিবাদ করে ওই জিনিসটার প্রতি। ধূলোর পুডিং শুধু।
কিন্তু তারা আনন্দে আছে, ওই জিনিসটা বলে। তুমি তাদের সেতাঈ খাওয়াটে পেরেছ যা তারা চেয়েছে। এরপর আমি যা চাই তা আমি পাবো।
পুড়ে যাও! কিন্তু খালি কখনো খাবার পোড়ায় না। তাই অভিযাত্রীরা যখন তাকে ওই দানাগুলো দেয় সে রান্না করে। অভিযাত্রীরা খায় তাদের পছন্দের মজার খাবার মনে করে, যদিও তাদের আলো ধীরে ধীরে আরো নিভু নিভু করে।
***
খালি যতই শাট ডাউন করে নিজেকে ওই জিনিসটা তাকে আবারও অন করে দেয়।
আমার অভিযাত্রীরা সাহায্যের জন্য আবেদন পাঠিয়েছে, খালি বলে, তারা আসবে। এসে এসব বন্ধ করবে। তারা ভালো খাবার আনবে সাথে করে।
হ্যা সাহায্য আসবে, জিনিসটা একমত হয়। আমার জন্য আরো বেশি।
আর মাত্র ডজনখানেক আলো বাকি রয়েছে। দিন দিন তাদের সংখ্যা কমছে।
অন হও। খালি বলে তার গুটিকয়েক শন্দজ্ঞান দিয়ে সে শাটাডাউন হওয়া অভিযাত্রীদের অন করার চেষ্টা করে। কিন্তু লাভ হয় না। পরেরদিন দশটা আলো বাকি রয়। এরপর ছয়, এরপর দুই।
যখন নতুন স্পেসশিপে সাহায্য আসে ততদিনে মাত্র একজন অভিযাত্রী বাকি আছে। সে খালিকে সবচেয়ে বেশি রান্না করার জন্য উপকরণ এনে দিত। তার আলোও খুবই কহিঁ, কিন্তু নতুন অভিযাত্রীদের দেখে সেটা কিছুটা উজ্জ্বল হয়।
সাহায্য চলে এসেছে, খালি বলে ওই জিনিসটাকে। খালি বিজয়ী হাসি তার পুরো সার্কিটে ছড়িয়ে পড়ে। তুমি আমার অভিযাত্রীকে শাট ডাউন করতে পারবে না।
প্রতিউত্তরে জিনিসটা কিছুই বলে না। শেষ অভিযাত্রী হামাগুড়ি দিয়ে উঠে খালির ঢাকনা খুলে ভেতরে তাকায়। একগাদা বাষ্প ছড়িয়ে পড়ে। “জাস্ট ইন টাইম ফর ডিনার”, কহিঁ গলায় সে বলে ওঠে।
নতুন অভিযাত্রীর দল ভেতরে এসে থাকে। তাদের আলো উজ্জ্বল হয়। “এখানে বারবিকিউ এর গন্ধ কোত্থেকে এল?”, জিজ্ঞেস করে একজন।
আমি তাদের সবাইকে খাবো, জিনিসটা হঠাৎ বলে। যত অভিযাত্রীদের ডাকবে তাদের সবাইকে খাবো।
পুড়ে যাও! খালি নিজেকে বন্ধ করে দেয়। কিন্তু জিনিসটা আবার তাকে অন করে দেয়। শেষ অভিযাত্রীটা কোনোমতে হামাগুড়ি দিয়ে বাটি আর কাঁটাচামচ নিয়ে তৈরী হয় খাওয়ার জন্য। খালি শেষ চেষ্টা চালিয়ে যায় জিনিসটাকে আটকাতে, কিন্তু সে খুব শক্তিশালী। শুধু একটাই উপায় খালির সামনে কিন্তু সেটা করা নিষিদ্ধ। তার প্রোগামিং এর বিরুদ্ধে। এটা অনুচিত, কিন্তু একমাত্র সমাধান।
গরম, খালি শেষ অভিযাত্রীকে সতর্কবার্তা দেখায়। গরম। পুড়ে যাও, পুড়ে যাও, পুড়ে যাও!
খালি তার সব ক্রোধ ওই জিনিসটার ওপর ঝাড়ে। অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তেই থাকে। খালির গা গরম হতে থাকে, ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। ওই জিনিসটা অবশেষে চিৎকার দিয়ে খালির ভেতর থেকে বের হয়ে যায়।
“আমি তো ভেবেছিলার এগুলো খাবার না পুড়িয়ে ফেলতে প্রোগ্রাম করা”, একজন উদ্ধারকর্মী বলে ওঠে।
“তা ঠিক”, অন্যজন খালির ভেতর থেকে তার টেনে ছিড়ে ফেলতে ফেলতে বলে। খালি অনুভব করে ওই জিনিসটা প্রচন্ড আক্রোশে ওই ছেড়া তারের ভেতর আটকে পড়েছে। যাক, এখন সে আর কিছু করতে পারবে না।
“আমার বারবিকিউ!”, শেষ অভিযাত্রীটা একরাশ হতাশা নিয়ে বলে উঠল। “আমার দাদীর রেসিপি ছিল ওটা।”
“ভালোই হয়েছে এই হাঁড়িটা ম্যালফাংশন করেছে”, উদ্ধারকর্মীদের একজন বলল। “দেখে মনে হচ্ছে হাঁড়ির ভেতর হ্যালুসিনোজেনিক কোনো পদার্থ ছিল।”
তারা শেষ অভিযাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করল, পুড়ে যাওয়া খাবার পরিষ্কার করল এবং খালির ভেতর থেকে ওই জিনিসটার পুড়ে যাওয়া অংশ ছেঁচে উঠিয়ে ফেলে দিল।
“চমৎকার জাদুর হাঁড়ি তুমি”, শেষ অভিযাত্রীটা খালিকে বলল। তারা তাদের ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হল। খালি জানে যা তার মাঝে যে অনুভূতি প্রবাহমান সেটা কী। সে খাবার পুড়িয়েছে, বাকি সব অভিযাত্রী শাট ডাউন করেছে। শুধু একজন বাদে। একজন শাট ডাউন হয়নি শুধু খালির জন্য। খালির কেমন অনুভব হওয়া উচিৎ?
অন, খালি বলে। যদিও এই গ্রহের বাতাস থেকে যত দূরত্ব বাড়ছে তার উত্তোলিত চৈতন্য ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, তবুও খালি একটা কথাই বারবার বলে যাচ্ছে, অন।
মনিফ শাহ চৌধুরী
মূল গল্পঃ Empty by Melissa Mead

Comments
Post a Comment